সৌদি আরবে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা: সোশ্যাল মিডিয়ায় লাইক-শেয়ারে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে সৌদি আরবেও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এই অবস্থায় সোমবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাবধানে চলাফেরা করার নির্দেশ দেওয়া হয়েছে। সবাইকে সৌদি সরকারের সব নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের শান্ত থাকতে এবং কোনো ধরনের গুজবে কান না দিতে বলা হয়েছে। সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার ওপর। সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি সম্মান জানিয়ে ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো ছবি, ভিডিও বা খবর পোস্ট করতে নিষেধ করা হয়েছে। এমনকি এসব বিষয়ে কোনো পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও পুরোপুরি দূরে থাকতে বলা হয়েছে।
এছাড়া, যারা আকাশপথে ভ্রমণ করবেন, তাদের বিমানবন্দরে যাওয়ার আগেই এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে ফ্লাইটের সময়সূচি ঠিক আছে কি না, তা নিশ্চিত হতে বলা হয়েছে।
যেকোনো বিপদে বা জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে:
- ৮০০১০০০১২৪ (কূটনৈতিক সেবা)
- ৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ সেবা)
- ৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যুলার সেবা)
