অসুস্থ অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হাসপাতালে গিয়ে মির্জা ফখরুল তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও মন্ত্রিসভার সহকর্মী আমীর খসরুর স্বাস্থ্যের খোঁজখবর নেন। তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানেন এবং অর্থমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় হাসপাতালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত ছিলেন। তিনিও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।
উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) হঠাৎ অসুস্থ বোধ করলে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
