News desk bd

নিউজ ডেস্ক বিডি

হয় আ.লীগ থাকবে নয়তো এনসিপি, নাহিদের কড়া হুঁশিয়ারি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একসঙ্গে থাকতে পারে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যেসব এলাকায় আওয়ামী লীগ তাদের কার্যক্রম শুরু করার চেষ্টা করবে, সেখানে তাদের শক্তভাবে রুখে দিতে হবে।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের পাঁচলাইশে আয়োজিত এনসিপির এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম দলীয় কর্মীদের কড়া নির্দেশ দিয়ে বলেন, “কোনো এলাকায় এনসিপির মাত্র ১০ জন কর্মী থাকলেও সেখানে আওয়ামী লীগকে কোনো অফিস খুলতে বা কাজ করতে দেওয়া যাবে না। জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা আমাদের ওপর এই দায়িত্ব দিয়ে গেছেন।” চট্টগ্রামে এখনো আওয়ামী লীগের আস্ফালন রয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

আদালত স্বাধীনভাবে কাজ করবে—এমন আশা প্রকাশ করে তিনি বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করে নতুন সরকার ও সংসদ তাদের কাজ শুরু করবে।

নেতাকর্মীদের চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন নাহিদ। তিনি সবাইকে ছোট-মাঝারি ব্যবসায়ী ও সাধারণ শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে বলেন।

সামনের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির পরিকল্পনার কথা জানিয়ে নাহিদ বলেন, জাতীয় নির্বাচনে তারা যা করতে পারেননি, স্থানীয় নির্বাচনে তা করে দেখাতে চান। এনসিপি এই নির্বাচনে অংশ নেবে বলেও তিনি ঘোষণা দেন।

এই ইফতার মাহফিলে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ এবং বিএনপি নেতা আবুল হাশেম বক্করসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *