News desk bd

নিউজ ডেস্ক বিডি

ভারত থেকে এলো আওয়ামী লীগের সাবেক এমপির ম/রদেহ

একসময় টাঙ্গাইলের রাজনীতিতে ছিল তার প্রবল দাপট। তিনি ছিলেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের দোর্দণ্ড প্রতাপশালী সংসদ সদস্য এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক। অথচ ক্ষমতার সেই জৌলুস শেষে জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের (৭২) জীবনের শেষ অধ্যায়টি রচিত হলো ভিনদেশের এক ক্লিনিকের বিছানায়। রবিবার (১ মার্চ) রাতের অন্ধকারে বেনাপোল চেকপোস্ট দিয়ে নিঃশব্দে দেশে ফিরেছে একসময়ের এই দাপুটে রাজনীতিবিদের নিথর দেহ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় এক বিষণ্ণ দৃশ্যের অবতারণা হয়। ভারতীয় একটি অ্যাম্বুলেন্স থেকে তার মৃতদেহ অত্যন্ত নীরবে তুলে নেওয়া হয় অপেক্ষমাণ বাংলাদেশি ফ্রিজিং লাশবাহী গাড়িতে। রাজনীতি, ক্ষমতা আর স্লোগানের উত্তাপ শেষে এটিই যেন জীবনের রূঢ় ও অমোঘ বাস্তবতা।

মরহুমের ছোট ভাই আতোয়ার রহমান জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে কলকাতার দমদমের ফিনিক্স মেডিক্যাল সেন্টারে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এক সপ্তাহের বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন জোয়াহেরুল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে টানা তিন দিন তিনি ছিলেন লাইফ সাপোর্টের কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা স্বজনদের জানিয়েছেন, ‘মাল্টিঅর্গান ফেইলিওর’ বা শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই তার মৃত্যু ঘটেছে।

জীবনের শেষ দিনগুলোতে নিজ নির্বাচনী এলাকার কোলাহল থেকে দূরে, ভিনদেশে লাইফ সাপোর্টে থাকা এই রাজনীতিবিদের নীরব প্রস্থান ক্ষমতার ক্ষণস্থায়ী রূপটিকেই যেন আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *